৩৯ বছর বয়সেও অতিমানবীয় মেসি

ফুটবলপ্রেমীদের জন্য আজকের ম্যাচটি আরও একবার সেই জাদুকরকে দেখার সুযোগ করে দিচ্ছে, যাকে অনেকেই সর্বকালের সেরা মনে করেন। ৩৯ বছর বয়সে এসেও নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে অনন্য খেলছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

নিজের দেশকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার মিশনে তিনি ইতোমধ্যে টুর্নামেন্টে ৮টি গোল করেছেন। সেই সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়েও বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে এটিই হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের প্রথম ম্যাচ। মেসি যদি আর্জেন্টিনাকে এবার শিরোপা জেতাতে পারেন, তবে দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতে তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবেন।

পাশাপাশি ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের সেই ঐতিহাসিক দলের অংশ ছিলেন ফুটবল সম্রাট পেলে, যিনি পরে ১৯৭০ সালে নিজের তৃতীয় বিশ্বকাপটি জিতেছিলেন।

সূত্র: এপি