‘আমার হাত এখনও প্রতিদিন ব্যথা করে’

ফাইনালের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনের আগেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফাইনাল নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। নিউইয়র্কের জ্যাভিটস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথাও স্মরণ করিয়ে দেন।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ‘দিবু’ বলেন, “বিশ্বকাপের আগে থেকেই হাতের চোটের ব্যথা আমাকে ভোগাচ্ছে। যেসব বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি, সবাই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। গ্রুপ পর্বে আমি ঠিকমতো অনুশীলন করতে পারিনি। তবে শেষ ষোলো থেকে এ নিয়ে আর ভাবিনি। এখন অনেকটাই ভালো অনুভব করছি। তবু আমার হাত এখনও প্রতিদিন ব্যথা করে।”

দলে অর্জন নিয়ে ভাবনা

কয়েক বছর আগে কিছু সতীর্থর সঙ্গে আড্ডায় তিনি বলেছিলেন, দুটি বিশ্বকাপ জিতলে তিনি অবসর নেবেন। তার সেই ভাইরাল মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, ‘‘হ্যাঁ, এটি এএফএ অনুশীলন মাঠে নিকোর সঙ্গে কথা বলার সময় বলেছিলাম... তবে প্রথমে আমাদের জিততে হবে, আমি কেবল সেটির দিকেই মনোনিবেশ করছি। এই দলের সঙ্গে আমরা বছরের পর বছর ধরে উন্নতি করছি। দল যা অর্জন করেছে তা ভেবেই মাঝে মাঝে আমার কান্না চলে আসে। এখনও আনন্দের অনেক মুহূর্ত আসা এবং তা উপভোগ করা বাকি রয়েছে।’’

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘‘আমি গতবারের চেয়ে এই বিশ্বকাপ অনেক বেশি উপভোগ করছি। সৌদি আরবের ম্যাচের পর আমি অনেক ভুগেছিলাম। খুব বেশি শটের মুখোমুখি হইনি, অথচ তারা গোল করে দিয়েছিল। আমি কেবল পেনাল্টি শুটআউটে একটি নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করতে পেরেছিলাম। আমার মনে হয় এখন আমি পায়ে আরও ভালো খেলছি। আমি রবিবার মাঠে নামব এবং আপনারা আমাকে হাসিমুখে দেখতে পাবেন।’’

মানসিক শক্তি এবং ‘দিবু’র সেই চেতনা

প্রতিটি ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নিজের শক্তির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘তারা আমার বিরুদ্ধে এক বা দুটি গোল করতে পারে, কিন্তু পরবর্তী প্লে-তেই আমি সেই একই ‘দিবু’ । চাপ আমাকে কাবু করতে পারে না। আমি আমার গ্লাভস পরে নিজের ওপর আত্মবিশ্বাস রাখার চেষ্টা করি। খেলা যাই হোক না কেন, আমার মধ্যে সেই পাড়ার চেতনা  রয়েছে, যা আমাকে মার দেল প্লাতার ‘ব্যারিও জার্দিন’-এ খেলা সেই একই দিবু বানিয়ে রাখে।’’

৩৩ বছর বয়সী এই ফুটবলার ফাইনালে প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘‘দারুণ দল, প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের কারণে আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানি। তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছেন, এটি কেবল লামিনকে নিয়ে নয়, তাদের একটি দুর্দান্ত দল রয়েছে এবং তারা একটা সুনির্দিষ্ট কারণেই এখানে এসেছে। তাদের নিজস্ব শক্তি রয়েছে, তবে আমাদেরও শক্তি রয়েছে। আশা করি এটি এমন একটি ম্যাচ হবে যা দর্শকরা দীর্ঘদীন মনে রাখবেন।’’

ম্যাচের প্রস্তুতি এবং কোচের ওপর আস্থা নিয়ে তিনি বললেন, ‘‘আমি মনে করি যখন আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম, সেটি ছিল জাতীয় দলের সঙ্গে আমার দ্বিতীয় সবচেয়ে উপভোগ্য ম্যাচ। দুবার জেতা, চতুর্থ তারকা অর্জন করা—মানুষের উদযাপনের সঙ্গে এটি কেমন হতে পারে তা আমি কেবল কল্পনাই করতে পারি।’’

কঠিন পরিস্থিতি ও খাপ খাইয়ে নেওয়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘‘মাঝে মাঝে মানুষ আপনার মুখোমুখি হওয়া প্রতিপক্ষ নিয়ে তাদের মতামত দেয়, কিন্তু আমরা তো প্রতিপক্ষ বেছে নিই না। সব ম্যাচই কঠিন, রবিবার ফাইনালটি হবে দুপুর ৩টায় প্রচণ্ড গরমের মধ্যে, এবং আমাদের মানিয়ে নিতে হবে।’’

শান্ত থাকা ও দলের আত্মবিশ্বাস বাড়ানো নিয়ে মার্টিনিজের কথা, ‘‘আমি খুব শান্ত বোধ করছি। একজন গোলরক্ষকের ভূমিকা কেবল ম্যাচের মধ্যে ভালো সেভ করার চেয়েও বেশি কিছু। তাকে নিজের হাফ থেকে বেরিয়ে আসতে হয়, আত্মবিশ্বাস তৈরি করতে হয়। এগুলো হলো ফুটবলের এমন কিছু দিক যা আমার সতীর্থদের এই নিশ্চয়তা দেয় যে আমি শান্ত আছি, আমাকে তাদের আত্মবিশ্বাস দেখাতে হবে। যখন তারা তা দেখে, তখন তারা, যারা ফুটবলে এত দুর্দান্ত, কেবল সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেয়। এই বিশ্বকাপে আমরা অনেক গোল করতে পেরেছি এবং এ পর্যন্ত আমরা গত বিশ্বকাপের চেয়ে একটি গোল কম হজম করেছি।’’

কোচের বার্তা নিয়ে সরাসরি বললেন তিনি, ‘‘কোচ আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, ‘তুমি কেমন আছ তা বড় বিষয় নয়, আমি তোমাকে আমার দলে চাই।’ আমার জন্য এটি ১০টি পেনাল্টি সেভ করা এবং সংবাদপত্রের প্রথম পাতায় থাকার চেয়েও বেশি আনন্দের। আর যদি আমার সেই মুহূর্তটি না আসে এবং আমরা ফাইনাল জিতি, তবে সেটিও সমান তাৎপর্যপূর্ণ হবে।’’