বাগদানের পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন- কবে বিয়ের পিঁড়িতে বসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা রদ্রিগো ডি পল ও জনপ্রিয় গায়িকা টিনি স্তোসেল। এবার সেই রহস্যে নতুন মোড়। আর্জেন্টিনার এক জনপ্রিয় টিভি উপস্থাপকের মুখ ফসকে বেরিয়ে এসেছে সম্ভাব্য বিয়ের তারিখ, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিশ্বকাপজুড়েই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও আর্জেন্টাইন গায়িকা টিনি স্তোসেল।
বিশ্বকাপ শুরুর আগেই গত মে মাসে ভক্তদের চমকে দিয়ে বাগদানের ঘোষণা দেন তারা। ডি পল সামাজিক যোগাযোগমাধ্যমে টিনির আঙুলে পরানো এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করেছিলেন। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে শুরু হয় জল্পনা।
এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক সুসানা গিমেনেস।
এক অনুষ্ঠানে আলেহান্দ্রো মার্লে উইবের সঙ্গে আলাপচারিতার সময় গিমেনেস জানান, রদ্রিগো ডি পল ও টিনি স্তোসেলের বিয়ে ১৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে পারে।
তবে এখন পর্যন্ত এই তারিখ সম্পর্কে ডি পল বা টিনির কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। ফলে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি।