অক্টোবরে কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিল খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। ভারতীয় ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশন-সিবিএফও এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলো খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

ব্রাজিল জাতীয় দলের বিদেশি সমর্থকদের বড় অংশটি ভারতে বসবাস করে, এমনটি উল্লেখ করে সিবিএফ লিখেছে, ‘যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাস অনুসরণ করে আসছে, সেই দেশের মানুষের সঙ্গে এটি হতে যাচ্ছে একটি বিশেষ সাক্ষাৎ।’

সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার শেষে লেখা হয়, ‘দেখা হচ্ছে কলকাতায়।’

এদিকে সেসময় ফিফা উইন্ডোতে ভারত ভিনিসিয়ুসদের বিপক্ষে খেললেও বাংলাদেশের প্রাথমিক পরিকল্পনা মঙ্গোলিয়ার সঙ্গে ম্যাচ খেলা!

এমনিতে বাংলাদেশ স্পোর্টস কূটনীতিতে পিছিয়ে থাকায় ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পায়নি। পাকিস্তান র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক নিচে থেকেও সেখানে খেলার সুযোগ পেয়েছে।