ফিফার সভাপতি পদে লড়বেন নাসের আল খেলাইফি?

বিতর্কিত পরিকল্পনার পর ফিফার নেতৃত্বে পরিবর্তনের জোর আলোচনা চলছিল। অনেকের ধারণা ছিল, বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। উয়েফার চাওয়াও ছিল তেমন। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে খেলাইফি নিজেই জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না।

ইউরোপীয় ফুটবলের একাধিক প্রভাবশালী কর্মকর্তা তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অংশীদারিত্ব বিক্রির ফিফার বিতর্কিত প্রস্তাব নিয়ে ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবল অঙ্গনের দূরত্ব তৈরি হওয়ার পর আল-খেলাইফিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল।

ইউরোপিয়ান ফুটবল ক্লাবস (ইইএফসি)-এর চেয়ারম্যান হিসেবে আল-খেলাইফি ওই প্রস্তাবের অন্যতম কড়া সমালোচক ছিলেন। ফলে অনেকেই মনে করেছিলেন, ফিফার বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে তিনিই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতে পারেন।

তবে আল-খেলাইফির ঘনিষ্ঠ সূত্র এসব জল্পনাকে ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্রগুলোর দাবি, আল-খেলাইফির পুরো মনোযোগ এখন প্যারিস সেন্ট-জার্মেই এবং বিইন মিডিয়া গ্রুপের নেতৃত্বে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তার নেই।