বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!

একটি পেনাল্টি বদলে দিয়েছিল পুরো বিশ্বকাপ। সেই পেনাল্টি মিসের পর মুহূর্তেই ব্রাজিলের কোটি সমর্থকের চোখে তিনি হয়ে উঠেছিলেন হতাশার প্রতীক। অথচ কয়েক সপ্তাহের ব্যবধানে সেই ব্রুনো গুইমারেসই দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তে। নিউক্যাসল ইউনাইটেড থেকে ৮ কোটি পাউন্ডের রেকর্ড চুক্তিতে আর্সেনালে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

সবকিছু ঠিক থাকলে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পর ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে আর্সেনালের খেলোয়াড় হবেন ২৮ বছর বয়সী গুইমারেস। 

কার্লো আনচেলত্তির অধীনে পুরো বিশ্বকাপজুড়েই ব্রাজিলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্সকে ছাপিয়ে যায় একটি মুহূর্ত। শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে মাতেউস কুনহাকে ফাউল করা হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু গুইমারেসের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

সেই সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করেন আর্লিং হাল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেয় নরওয়ে। যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছিল।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা লুকাননি গুইমারেস। লিখেছিলেন, ‘এটি ছিল আমার ২৮ বছরের জীবনের সবচেয়ে বড় কষ্ট। আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।’

তবে সেই একটি পেনাল্টি আর্সেনালের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেনি। নিউক্যাসলের হয়ে আরেকটি দারুণ মৌসুম এবং বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডারকে দলে টানতে মুখিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮ কোটি পাউন্ডের এই চুক্তি সম্পন্ন হলে গুইমারেস আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হবেন। একই সঙ্গে এটি হবে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার।