ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনার ফুটবলে! এবার ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক বার্তা সম্বলিত নতুন জার্সি পরে মাঠে নেমেছে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন। এই পদক্ষেপ ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে এমন একটি নতুন জার্সি পরে মাঠে নামে, যাতে ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরা হয়েছে।
ক্লাবটি জানিয়েছে, নতুন জার্সিটি ‘ইসলাস মালভিনাস’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জার্সির লেখার ফন্টটি সেই ব্যানারের মতো, যা আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মাঠে প্রদর্শন করেছিলেন।
জার্সির সামনের অংশে লেখা রয়েছে, ‘মালভিনাস আর্জেন্টিনার।’ আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপকে ‘ইসলাস মালভিনাস’ নামে উল্লেখ করে।
ম্যাচের আগে ক্লাবটি প্ল্যাটফর্ম এক্স-এ তাদের শুরুর একাদশের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখে, ‘এরা আর্জেন্টিনার!’
ব্রিটেন থেকে প্রায় ৮ হাজার মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে।
গত সপ্তাহে ফিফা বিশ্বকাপ চলাকালে একাধিক ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
এর মধ্যে অন্যতম অভিযোগ ছিল, ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রদর্শিত ব্যানারটি ফিফার ধারা ১৩(২)(সি) লঙ্ঘন করেছে কি না। ওই ধারায় বলা হয়েছে, কোনো ক্রীড়া আসরকে অ-ক্রীড়াসংশ্লিষ্ট রাজনৈতিক বা অন্য ধরনের প্রদর্শনের জন্য ব্যবহার করা যাবে না।
এর আগেও, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড (প্রায় ২৭ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছিল ফিফা।