বিশ্বকাপ জয়, একের পর এক ট্রফি আর অবিশ্বাস্য সাফল্যের পর এবার আরও বড় এক দাবি উঠে এলো আর্জেন্টিনা ফুটবল মহল থেকে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার মতে, লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা বর্তমান আর্জেন্টিনা দল শুধু সফলই নয়, বরং দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল। এমনকি ২০২৬ বিশ্বকাপ নিয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এজেইজায় অবস্থিত লিওনেল মেসি ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এএফএ স্পনসর ডে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাপিয়া দাবি করেন, ইংল্যান্ডকে হারানোর মুহূর্তেই কার্যত বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। তাপিয়ার ভাষায়, ‘ইংল্যান্ডকে হারানোর পরই আমরা বিশ্বকাপ জিতে গিয়েছিলাম। এই জাতীয় দল এমন একটি কাজ করেছে, যা বহুদিন ধরে কেউ করতে পারেনি। খেলাধুলার সীমানা ছাড়িয়ে তারা মালভিনাস (ফকল্যান্ড) যুদ্ধের সৈনিক ও প্রবীণ যোদ্ধাদের সম্মান জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপে তারা মালভিনাস (ফকল্যান্ড) ইস্যুকে আবারও বৈশ্বিক কূটনৈতিক আলোচনায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সেই ঐতিহাসিক আবেগ, দলের হৃদয় উজাড় করে খেলা এবং তিনটি ম্যাচে পুরো ১২০ মিনিট লড়াই করার পর আমি জানি, আর্জেন্টিনাবাসীর কাছে ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল।’
সাম্প্রতিক বছরগুলোতে দলের সাফল্যের প্রশংসা করে তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটি শিরোপা জয়, আমার বিশ্বাস, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা জাতীয় দল। দেশের পতাকাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য আমরা এই খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত।’