২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাওদিও তাপিয়া। টেলিভিশন চ্যানেল ‘টিওয়াইসি সি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরা নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের নতুন করে আশার আলো দেখিয়েছেন। অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে নিজের ইতিবাচক বার্তা এক বাক্যে প্রকাশ করে তিনি বলেন, ‘সবকিছু সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
জাতীয় দলে মেসির ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে এএফএ প্রধান তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘মেসির ব্যাপারে? সে খেলা চালিয়ে যাবে কি না? সিদ্ধান্তটি পুরোটাই তার। আমাদের তাকে নির্ভার রাখতে হবে। লিওর জন্য এটি একটি চমৎকার বিশ্বকাপ ছিল, আমরা এটি খুব উপভোগ করেছি এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে মেসির পারফরম্যান্স— যেখানে তিনি আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন— বিশ্লেষণ করে তাপিয়া মন্তব্য করেন, ‘যেকোনও প্রতিযোগিতার মতোই এই বিশ্বকাপেও লিও এই দলের মূল কাণ্ডারি ছিলেন। আপনি যদি তার খেলা বিশ্লেষণ করেন, তবে নিঃসন্দেহে তিনিই এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন। তিনি একের পর এক ম্যাচে রেকর্ড ভেঙেছেন, আমরা তার অন্যতম সেরা একটি রূপ দেখেছি।’
স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই জাতীয় দলে মেসির শেষ ম্যাচ কি না— এমন প্রশ্নের জবাবে তাপিয়া স্পষ্ট বার্তা দেন, ‘সে যদি খেলতে চায়, তবে তার খেলা উচিত। যে সিদ্ধান্তটিকে তার সঠিক মনে হয়, সেটাই তার নেওয়া উচিত; সবারই সে সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। বিষয়টি পুরোপুরি তার ওপর নির্ভর করছে, আমাদের দরজা তার জন্য সব সময় খোলা। প্রতিটি ম্যাচ শেষে তার সঙ্গে জড়িয়ে ধরার মুহূর্তগুলো আমি স্মৃতিতে ধারণ করে রেখেছি।’