মেসিকে নাদাল, ‘তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা কল্পনাও করতে পারি না’

ফুটবল মাঠে অসংখ্যবার বিশ্বকে আনন্দ দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু এবার সেই কিংবদন্তির জীবনেই নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির বাবা এবং দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি আর নেই। ৬৮ বছর বয়সে শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিওর একটি মেডিকেল ক্লিনিকে দীর্ঘদিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নেমে এসেছে শোকের বার্তা।

সেই তালিকায় রয়েছেন টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেসি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্প্যানিশ এই ক্রীড়া আইকন। নাদাল লিখেছেন, ‘প্রিয় লিও, তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা আমি কল্পনাও করতে পারি না। এই কঠিন সময়ে তোমার ও তোমার পুরো পরিবারের প্রতি আমার সমস্ত ভালোবাসা ও সমবেদনা রইলো। চিরশান্তিতে থাকুন হোর্হে।’

মেসির অসাধারণ ফুটবল ক্যারিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা হোর্হে মেসির। এজেন্ট হিসেবে ছেলের ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি রোজারিওর শৈশব থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পুরো যাত্রায় তিনি ছিলেন মেসির অন্যতম প্রধান পথপ্রদর্শক।

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে মেসির দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনাও।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে পুরো বার্সেলোনা পরিবারের পক্ষ থেকে মেসি পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।