৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর ফিফা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতায়।  ঠিক এর দুই দিন পর ঢাকায় অর্থাৎ ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও রাতে কিংস অ্যারেনা পরিদর্শন করে  সন্তুষ্ট হয়েছেন। রাতে বাফুফের সঙ্গে ডিনারে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছে।

কলকাতা থেকে ৪ অক্টোবর ঢাকায় এসে ম্যাচ খেলবে ভিনিসিয়ুসরা।

তবে ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপের ম‍্যাচ থাকায় বাফুফে দোটানায়। কেননা এতো সংক্ষিপ্ত সময়ে ইন্দোনেশিয়া থেকে এসে খেলা কঠিন। ব্রাজিলের বিপক্ষে খেলে ফল কেমন হয় সেটাও রয়েছে চিন্তায়। তারপর এ ম্যাচ আয়োজন ব্যয়ও কম নয়। বড় রকমের আর্থিক বিষয় তো রয়েছেই। 

ঢাকায় ২৩ সদস্যের খেলোয়াড় ছাড়াও ৯০ জনের বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল। তাদেরকে কলকাতা থেকে আনা ও ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব আছে। 

এ ছাড়া অন্য বিষয় তো রয়েছেই। বাফুফে আপাতত ব্রাজিলের এমন প্রস্তাব নিয়ে ভাবছে।  বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী বলে বাফুফে  সূত্র নিশ্চিত করেছে।