অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তাকে ছাড়াই দল উজবেকিস্তানে যাচ্ছে—এমন খবরও শোনা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বরখাস্তের খবর উড়িয়ে দিয়েছেন ইংলিশ কোচ।
জেরার্ড জোন্স বলেছেন, ‘কী ঘটছে তা আমি আসলেই বুঝতে পারছি না। অনলাইনে প্রচুর ভুয়া ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে। আমি বাফুফের সঙ্গে কথা বলেছি। সামেদের সঙ্গে কথা বলেছি। এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ফেডারেশনের কেউ বলেনি যে আমাকে বরখাস্ত করা হয়েছে বা এমন কিছু। এই তথ্যের উৎস কোথায়, তা আমার জানা নেই।’
এরপরই কোচ প্রশ্ন তোলেন, ‘কিন্তু এতে কার কী লাভ? শুধু এখানেই এমনটা ঘটা সম্ভব। মানুষ কেন একটা ভুয়া খবর পোস্ট এবং রিপোর্ট করছে, আর তা-ও এমনভাবে যাতে দলের একতা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্যারিয়ারে আমি এর আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। আমার মনে হয় না কোনও কোচ আপনাকে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত করতে পারে। তবে আশা করছি, ১০ বছর পর হয়তো এসব মনে করে হাসব।’
এরপর তিনি বলেন, ‘আমি কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বসে কফি খাচ্ছি, আমাদের মধ্যে ঘরোয়া আড্ডা হচ্ছে, চমৎকার কথা হচ্ছে এবং গতকালের পারফরম্যান্স নিয়ে তারা খুব সন্তুষ্ট। কোচিং সেরা মানের হচ্ছে এবং স্টাফরাও চমৎকার। আমরা এখানে বসে কফি খাচ্ছি, আর কেউই বুঝতে পারছে না আসলে কী হচ্ছে। খবরটি সত্য হলে খেলোয়াড়েরা হয়তো ভেঙে পড়ত, কিন্তু তাদের এখন জানানো হয়েছে যে খবরটি ভিত্তিহীন এবং সত্য নয়।’