কিউবা মিচেলকে নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের লিগে খেলা কিউবা মিচেলের লাল সবুজ দলে অভিষেক হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বরে। নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হামজা চৌধুরীর বদলি হয়ে শেষ ১০ মিনিট খেলেছিলেন। এরপর আর হাভিয়ের কাবরেরার অধীনে খেলা হয়নি তার। এবার খুব করে চেয়েছিলেন টমাস ডুলির অধীনে খেলার। তবে আপাতত তাও হচ্ছে না। 

বাফুফে থেকে নাকি কিউবাকে নিজের টাকায় বিমান ভাড়া দিয়ে ঢাকায় এসে নতুন করে ট্রায়াল দিতে বলা হয়েছিল। খেলোয়াড় সূত্রে এমনটি জানা গেছে। এখন প্রশ্ন হলো— জাতীয় দলে অভিষেক হওয়া বর্তমানে ইংল্যান্ডের অষ্টম টায়ারে খেলা কিউবাকে নতুন করে ট্রায়াল কিংবা নিজের টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে আসতে হবে কেন? 

বর্তমানে জাতীয় দলের অনুশীলনে জামাল ছাড়া অন্য কোনও বংশোদ্ভূত খেলোয়াড় নেই। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রথম দিন ওয়ার্মআপ হয়েছে।  অনুশীলন শেষে কোচ টমাস ডুলি বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি তাকে (কিউবা) দেখিনি। আমি কাউকেই না দেখে মূল ক্যাম্পে নিচ্ছি না এবং আমি জানি না সে কেমন খেলোয়াড়। তবে কেউ যদি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ বা ১ম-২য় ডিভিশনে খেলে, তবে বিষয়টা অবশ্যই আলাদা।” 

তিনি আরও বলেন, “জাতীয় দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একজন খেলোয়াড়কে দেখে বিচার করতে চাই, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বলেছি চূড়ান্ত স্কোয়াডে কাউকে যোগ করার আগে আমার খেলোয়াড়কে দেখতে হবে।” 

তবে কিউবার জাতীয় দলে আগে অভিষেকের কথা মনে করিয়ে দিলে ডুলি বলেন, “সে আসলে নিজের দক্ষতা দেখানোর একটা সুযোগ পাবে; তবে সে যদি আমাদের বর্তমান খেলোয়াড়দের চেয়ে ভালো না হয়…”