বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের দারুণ পারফরম্যান্সে ফিলাডেলফিয়ার জয়

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মেজর লিগ সকারে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে তিনি রাখলেন বড় অবদান। প্রতিপক্ষের মাঠে এমএলএসের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। দলের জয়ে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান। অন্য দুই গোল আসে মিলান ইলোস্কি ও নিল পিয়েরের মাধ্যমে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মাঝমাঠ থেকে ড্যান জিন জ্যাকসের পাসে চমৎকার ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে সুবিধাজনক জায়গা থেকে  বাম পায়ের বুলেট গতির শটে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা গোল পান। ডান দিকে ঝাঁপালেও তা ঠেকানো সম্ভব হয়নি রেড বুলস গোলকিপারের।

চলতি লিগে কাভানের এটি তৃতীয় গোল। এর সঙ্গে তিনটি অ্যাসিস্টও করেছেন ১৬ বছর বয়সী তরুণ মিডফিল্ডার। 

কাভানের গোলের আগে ২১ মিনিটে প্রথম গোলটি করেন ইলোস্কি। আর ৬৫ মিনিটে পিয়েরে তৃতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় ফিলাডেলফিয়ার জয়। ৭৪ মিনিটে একটি গোল শোধ করেন চুপো-মোটিং।

এই জয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১২ নম্বরে অবস্থান করছে ফিলাডেলফিয়া।