এতদিন ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন জুলফিকার মাহমুদ মিন্টু। জাতীয় দলের সহকারী কোচও ছিলেন। এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ফুটবল বিভাগের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন এএফসি প্রো-লাইসেন্সধারী এই কোচ।
বিকেএসপির ফুটবল বিভাগে টেকনিক্যাল ডিরেক্টর পদটি আগে ছিল না। ফুটবলের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে বর্তমান ক্রীড়া প্রশাসন নতুন এই পদ সৃষ্টি করেছে। দেশের অভিজ্ঞ এই কোচকে এক বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত মিন্টু। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইয়ুথ ডেভেলপমন্ট আমার পছন্দের জায়গা তাই বিকেএসপিতে যোগ দিয়েছি। আমি চাই এখান থেকে ভালো ফুটবলার বের হোক। এর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবো। এর আগে ফেডারেশনে চেষ্টা করেও পারিনি। ক্লাবে আগের সেই পরিবেশ কিংবা অবস্হানও নেই। তাই কাজ করার পথটা একটু পরিবর্তন করে নিলাম।’
খেলা ছাড়ার পর কোচিং পেশায় নাম লেখান মিন্টু। আবাহনীর সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মিন্টু। এবার দেশের ভবিষ্যৎ ফুটবলার তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান বিকেএসপিতে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন অভিজ্ঞ এই কোচ।