উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে ভারতের বিপক্ষেও লড়াই করতে পারলো না বাংলাদেশ। রবিবার উজবেকিস্তানের তাসখন্দে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে আতিকুর রহমান মিশরের দল। এ নিয়ে গ্রুপে টানা তিন ম্যাচ হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ।

সিরিয়ার বিপক্ষে পাওয়া জয় সত্ত্বেও বাছাইপর্ব পেরোনো নিয়ে কিছুটা শঙ্কায় থাকা ভারত শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। বাংলাদেশ নেয় পাল্টা আক্রমণের কৌশল। ১৩ মিনিটে অ্যাডাম ইব্রাহিমের কাটব্যাকে পা ছোঁয়ানোর কেউ ছিলেন না। ১৯ মিনিটে নাজদুল হুদা ফয়সালের দুর্বল শট সহজেই গোলকিপারের হাতে যায়। দূরের পোস্ট লক্ষ্য করে শট নিলে সেটি থেকে গোলও হতে পারতো।

২০ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাছের পোস্টে জোরাল শট নেন ঋষি সিং। কোনোমতে পা দিয়ে বল ঠেকিয়ে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে একাধিক সেভ করা গোলকিপার রাজ চৌধুরী।

তবে পাঁচ মিনিট পরই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের ছোট পাস ফাঁকায় পেয়ে যান ড্যানি মেইতে। ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। রাজ পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করেও তাকে আটকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। উল্টো ৬০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে আরও কোণঠাসা হয়ে পড়ে দল। সতীর্থের ক্রস থেকে ঋষিকান্ত মেইতের হেড পাস পেয়ে দৃষ্টিনন্দন ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন ভিশাল ইয়াদব। রাজ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ ভালো একটি সুযোগ তৈরি করে ৭৫ মিনিটে। কিন্তু বাঁ দিক দিয়ে ছুটে বক্সে ঢুকে বদলি ফরোয়ার্ড জয় আহমেদের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর মোহাম্মদ আরবাসের জোরাল শটে রাজ পরাস্ত হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। টানা তিন ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব থেকেও বিদায় নিশ্চিত হয় দলের।