বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে বাংলাদেশের টানা দুই ম্যাচ হারের পর ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়। এরপরই উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের টিকিট কাটেন তিনি। তবে বাংলাদেশে চাকরি হারিয়েও নতুন করে তা পেতে সময় লাগেনি।

যুক্তরাষ্ট্রের ভারমন্টের নর্ডিক সকার ক্লাবে যোগ দিয়েছেন জেরার্ড। তবে কোচ নয়, নির্বাহী পরিচালক হয়ে।   ক্লাবটি মূলত যুব ফুটবল নিয়ে কাজ করে থাকে।

জোন্সকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে নর্ডিক সকার ক্লাব জানিয়েছে, ‘যুব ফুটবল, পেশাদার ফুটবল এবং আন্তর্জাতিক সকারের বিভিন্ন পর্যায়ে ২০ বছরেরও বেশি সময়ের নেতৃত্ব, কোচিং ও খেলোয়াড় উন্নয়নের অভিজ্ঞতা রয়েছে জেরার্ডের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মরক্কো ও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নর্ডিক ক্লাবে তার কাজের অন্যতম মূল লক্ষ্য হবে আমাদের কোচদের সহায়তা করা, খেলোয়াড়দের সার্বিক বিকাশ সুদৃঢ় করা এবং আমাদের কর্মকর্তা, অভিভাবক ও পুরো সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করা।’

ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে জেরার্ড তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নর্ডিক সকার ক্লাবে যোগ দিতে পেরে এবং ক্রীড়ার মাধ্যমে তরুণদের গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ও খেলোয়াড়দের বিকাশে সুপরিচিত একটি সম্প্রদায়ের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নর্ডিক ক্লাবের একটি গৌরবময় ইতিহাস, অসাধারণ কিছু মানুষ এবং দারুণ সম্ভাবনা রয়েছে। আমার ভিশন হলো একটি ব্যক্তিগতকৃত, সুসংযুক্ত ও টেকসই ইকোসিস্টেম তৈরি করা; যেখানে আমাদের কোচরা ক্ষমতায়িত হবেন, কার্যক্রম পরিচালনার ভিত্তি শক্তিশালী হবে এবং আমাদের খেলোয়াড়দের জন্য বিশ্বমানের দিকনির্দেশনার সুযোগ থাকবে। নর্ডিকের ধারাবাহিক সমৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সাফল্য নিশ্চিত করতে আমাদের স্টাফ, বোর্ড, কোচ, খেলোয়াড় এবং পরিবারগুলোর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’