শেষ মুহূর্তে তপুকে ছাড়াও আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। হেড কোচ থমাস ডুলির ঘোষিত ২৩ সদস্যের দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জায়গায় ঢুকেছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। 

তপু বর্মনের অনুপস্থিতিতে লাল-সবুজের রক্ষণে বড় দায়িত্ব পালন করতে হবে তারিক কাজী, রহমত মিঞা ও সাদ উদ্দিনদের। 

তপু বর্মন বাদ পড়লেও স্কোয়াডে অভিজ্ঞ ও প্রবাসী তারকাদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল সাজিয়েছেন হেড কোচ ডুলি। মাঝমাঠে জামাল ভূঁইয়া, শেখ মোরসালিনদের সঙ্গে থাকছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে ডুলি তপুর ইনজুরি নিয়ে বলেন, ‘তপু বাদ পড়েছে। সত্যি বলতে সে কখনই পুরোপুরি দলের অনুশীলনে যোগ দিতে পারেনি। শুরু থেকেই তার চোট ছিল। মাংসপেশিতে হালকা টান অনুভব করছিল। তাই দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। ডাক্তার জানান যে অনুশীলনে ফেরার আগে তার আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

তপু বাদ পড়লেও তার জায়গায় আরেকজন ডিফেন্ডার নেওয়া হয়নি। সেখানে রাখা হয়েছে ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে। যার ব্যাখ্যায় ডুলি বলেন, ‘দলে জিদান, মানিক, সোহেল ও তারিকের মতো যথেষ্ট ডিফেন্ডার আছে। কিন্তু নিয়মিত স্ট্রাইকারের বিকল্প কম। তাই আক্রমণভাগে বাড়তি একটি বিকল্প রাখতেই ইমনকে দলে রাখা হয়েছে।’

বাংলাদেশ ইন্দোনেশিয়া সফরের জন্য আজ রাতেই ঢাকা ত্যাগ করবে। 

বাংলাদেশ দল:

গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা, সুজন হোসেন।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিঞা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম।

ফরওয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন।