‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!

বিশ্বকাপ শেষ হয়েছে দুই মাস আগে। কিন্তু সেই আসরের স্মৃতি এখনও পিছু ছাড়ছে না জুড বেলিংহামের। স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির মাঝেই এবার তার হাতে উঠলো বিশ্বকাপের ‘ব্রোঞ্জ বুট’। তবে পুরস্কার হাতে নিয়ে যতটা না উচ্ছ্বসিত, তার চেয়ে বেশি অবাক রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। কারণ এই পুরস্কার যে দেওয়া হয়, সেটি নাকি জানতেন না তিনি!

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ডের দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন বেলিংহাম। আসরে সাত গোল করে তিনি জায়গা করে নিয়েছিলেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার ওপরের দিকে। দুই মাস পর সেই পারফরম্যান্সের স্বীকৃতিই মিলেছে ফিফার কাছ থেকে।

ব্রোঞ্জ বুট পেয়েছেন বেলিংহাম। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ায় বেলিংহামের হাতে তুলে দেওয়া হয়েছে ব্রোঞ্জ বুট। নিজের জেবি-৫ অ্যাপের মাধ্যমে সেই মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়াই হয়ে উঠেছে আলোচনার বিষয়।

কারণ বেলিংহাম স্বীকার করেছেন, বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার জন্য ব্রোঞ্জ বুট দেওয়া হয়, সেটি তিনি জানতেন না।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের ব্রোঞ্জ বুট... এটা যে আছে, সেটিই তো জানতাম না। তারপরও ধন্যবাদ।’

বিশ্বকাপে সাত গোল করেছিলেন বেলিংহাম। একই সংখ্যক গোল করেছিলেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ডও। তবে গোলদাতাদের তালিকায় বেলিংহামের ওপরে ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং তার রিয়াল মাদ্রিদ সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

তবে দলকে ফাইনালে তুলতে পারেননি বেলিংহাম। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের যাত্রা থেমে যায় ইংল্যান্ডের। এর আগে ইউরো ২০২৪-এর ফাইনালে উঠেছিল ইংল্যান্ড, যেখানে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

এবার আবারও সেই স্পেনই সামনে। তবে এবার মঞ্চ ওয়েম্বলি। শনিবার দুই দল মুখোমুখি হবে। ইউরো ২০২৪-এর ফাইনালের পর ইংল্যান্ড ও স্পেন আবার মুখোমুখি হতে যাচ্ছে, আর এই ম্যাচে টুখেলের দলের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হতে পারেন বেলিংহাম। স্পেনের বিপক্ষে তার শুরুর একাদশে থাকার কথা।