দুই প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দেখতে বসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! মনে হচ্ছিল লজ্জার হার যেন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু শেষ মুহূর্তে রায়ানের হেড বদলে দিলো ম্যাচের গল্প। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার গোলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে সেলেসাওরা।
কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ব্রাজিল। ৬৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্টরি ইরানকুন্ডা। এরপর নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে গেলেও গোল শোধ করতে পারছিলো না ব্রাজিল।
তবে শেষ পর্যন্ত হার মানেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৯৫ মিনিটে রাফিনহার নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান রায়ান।
অস্ট্রেলিয়ার গোলরক্ষক শক্ত হাতে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন। তার হাতও বলের গায়ে লেগেছিল। কিন্তু তাতে রক্ষা হয়নি। আর সেই গোলেই সম্ভাব্য লজ্জার হার এড়ায় ব্রাজিল।