মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 

লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচের অপেক্ষা চলছে। এরই মধ্যে সামনে এসেছে দুটি বড় প্রশ্ন। একটি হচ্ছে মেসির পর অধিনায়ক হবেন কে, আর ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটিই বা উঠবে কার গায়ে? অধিনায়কত্ব প্রশ্নের উত্তর মিলেছে। এবার মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও একটি নাম ক্রমেই সামনে আসছে, সেটি নিকো পাজ।

মেসি-পরবর্তী যুগে আগামী বুধবার প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপজয়ীরা একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়ার। সেই ম্যাচে মেসির আর্মব্যান্ড আরেক আক্রমণভাগের খেলোয়াড়ের হাতে যাচ্ছে না। কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চিত করেছেন, নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।

কয়েক সপ্তাহ ধরেই মেসির উত্তরসূরি হিসেবে অধিনায়কত্বের দৌড়ে রোমেরোর নাম এগিয়ে ছিল। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পথে, পাশাপাশি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি অবসর নেওয়ায় নেতৃত্বের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বিশ্বকাপের সময়ও রোমেরো ছিলেন আর্জেন্টিনার তৃতীয় অধিনায়ক।

বিশ্বকাপের পর টটেনহ্যাম হটস্পার ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া এই ডিফেন্ডারের ওপরই শেষ পর্যন্ত আস্থা রেখেছেন স্ক্যালোনি। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি রোমেরোকেই অধিনায়ক বেছে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অবশ্য বিকল্প হিসেবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের নামও আলোচনায় ছিল। আক্রমণভাগের লাওতারো মার্তিনেসের নামও উঠেছিল। ইন্টার মিলানের হয়ে নিয়মিত অধিনায়কের আর্মব্যান্ড পরেন এই ফরোয়ার্ড।

তবে মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু আর্জেন্টিনার ফুটবলে সেই প্রশ্নের উত্তর হিসেবে নিকো পাজের নাম জোরালোভাবে সামনে আসছে। ইএসপিএন-এর পর এবার দ্য অ্যাথলেটিকও জানিয়েছে, কোমোর এই মিডফিল্ডারকে মেসির ১০ নম্বর জার্সি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনার জাতীয় দলে সাম্প্রতিক সময়ে নিয়মিত সুযোগ না পেলেও পাজকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।

২০২৪ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ইতালির লেক কোমোয় নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন পাজ। গত মৌসুমে সিরি আ-তে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ১৩ গোলের পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট। চলতি মৌসুমেও ছন্দ ধরে রেখেছেন তিনি। ৬ ম্যাচে এখন পর্যন্ত চারটি গোলে অবদান রেখেছেন, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে অবশ্য পরিসংখ্যান বড় নয়। ১১ ম্যাচে পাজের গোল একটি, অ্যাসিস্টও একটি।

এখানে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। মেসির ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়ে সেটি খালি রাখার সুযোগ নেই আর্জেন্টিনার। ফিফার নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ১ থেকে ২৩ অথবা ২৬ পর্যন্ত কোনও নম্বর বাদ রাখা যায় না। ফলে মেসির বিদায়ের পর ১০ নম্বর জার্সির নতুন মালিক ঠিক করতেই হবে আর্জেন্টিনাকে।

এ কারণেই সম্প্রতি ১০ নম্বর জার্সি ঘুরিয়ে-ফিরিয়ে একাধিক খেলোয়াড়কে পরানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছিল। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ম্যানচেস্টার সিটির এনজো ফের্নান্দেজও সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন।

তবে মেসির আন্তর্জাতিক অধ্যায় এখনও পুরোপুরি শেষ হয়নি। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আনুষ্ঠানিক বিদায় নেবেন আর্জেন্টাইন মহাতারকা। 

তারপরই শুরু হবে মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ে ১০ নম্বর জার্সি কার গায়ে দেখা যাবে, সেটিই এখন অন্যতম আলোচিত প্রশ্ন।