পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল

ব্রিসবেনে শ্বাসরুদ্ধকর এক প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে হারের পরও নিজেদের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে অস্ট্রেলিয়া। সেলেসাওদের বিপক্ষে আগের ১০ ম্যাচে যত গোল করেছিল তারা, এবার এক ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে গেছে সকারুজরা।

চার দিন আগে একই প্রতিপক্ষের বিপক্ষে গোলের দেখা পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ৯৫ মিনিট। এবার অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ব্রাজিলকে এগিয়ে দেন ফুলব্যাক ভান্দেরসন। বক্সের প্রান্তে জায়গা পেয়ে শক্তিশালী ভলিতে বল পাঠান তিনি। ডাইভ দিয়েও সেটি ঠেকাতে পারেননি অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ।

কিক-অফ থেকেই বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠে তারা। তবে পরপর দুটি দুর্দান্ত সেভ করে ব্রাজিলের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন বিচ।

উত্তাল শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে অস্ট্রেলিয়া। ব্রাজিলের ওপর চাপও বাড়াতে থাকে স্বাগতিকরা। ২৮ মিনিটে তারই পুরস্কার পায় সকারুজরা। কনর মেটকাফের নেওয়া কর্নার ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে। সেই বল পেয়ে আলেসান্দ্রো সিরকাতি নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে দেন। ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া।

এর পাঁচ মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান মেটকাফ। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে দমবন্ধ করা প্রথমার্ধের শেষ দিকে আবারও সমতায় ফেরে ব্রাজিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক হ্যারি সাউটার ঝুঁকিপূর্ণ ট্যাকেলে দানিলোকে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে স্কোর ২-২ করেন ব্রাজিল অধিনায়ক রাফিনহা।

প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায়। সাউটারের ওপর এনদ্রিকের একটি বেখাপ্পা ট্যাকেলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ম্যাচ শেষ হতে প্রায় ২০ মিনিট বাকি থাকতে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে বল কাটব্যাক করেন এনদ্রিক। সেই বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ব্রুনো গুইমারেস।

এরপর ম্যাচের ভাগ্য আরও নিশ্চিত করে ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রকে ফেলে দেন নেস্টরি ইরানকুন্ডা। পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় লড়াইয়ে ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।