জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এমনিতেই তৈরি হয়েছিল টানাপোড়েন। এবার সেই উত্তাপ আরও বাড়িয়ে পর্তুগালের অনুশীলনেও গেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, অনুমতি ছাড়াই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ৪১ বছর বয়সী এই তারকা। ফলে পর্তুগাল দলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।
‘এ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়মে বলা হয়েছে, জাতীয় দলে যথাযথভাবে ডাক পাওয়া কোনো খেলোয়াড় ‘যথাযথ কারণ ছাড়া’ দলের কোনো কার্যক্রম ছেড়ে গেলে কিংবা তাতে অনুপস্থিত থাকলে তাকে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।
শুধু নিষেধাজ্ঞাই নয়, পেশাদার খেলোয়াড়দের ৫ থেকে ১০ ইউসি জরিমানাও করা হতে পারে। প্রতি ইউসির মূল্য ১০২ ইউরো হিসেবে এই জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০০ থেকে ১ হাজার ইউরো।
পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। তবে ওয়েলসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি ছিলেন বেঞ্চে। ২৪ সেপ্টেম্বরের সেই ম্যাচে পর্তুগাল জিতেছিল ১-০ গোলে। এরপরের অনুশীলনেও অংশ নেননি রোনালদো।
এরপর সংবাদ সম্মেলনে পর্তুগালের প্রধান কোচ হোর্হে জেসুস দাবি করেন, রোনালদোকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা পরে নিজেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন।
রোনালদোকে থামানোর চেষ্টা করেছিলেন ৭২ বছর বয়সী জেসুস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা। এমনকি তাকে ক্যাম্পে রাখতে দুজনই বিমানবন্দর পর্যন্ত গিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত রোনালদোকে ফেরানো যায়নি। অনুমতি ছাড়া ক্যাম্প ছাড়ার ঘটনায় এখন তার বিরুদ্ধে ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটিই দেখার বিষয়।