৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ 

ফিফা আসিয়ান কাপে শেষ ম্যাচে আজ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ।  তাতে ঘুরে ফিরে আসছে অতীত স্মৃতি!

নিকট অতীতে বাংলাদেশের এতো বড় ব্যবধানে হারের রেকর্ড অবশ্য নেই। তবে ইতিহাসে আগে তিনবার ৯ গোল হজম করার রেকর্ড আছে লাল সবুজ দলটির। 

৫১ বছর আগেও ১৯৭৫ সালে মারদেকা কাপে হংকংয়ের কাছে ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে লাল-সবুজ বাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছিলেন কাজী সালাউদ্দিন।

এরপর ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে স্বাগতিকদের কাছে ৯-০ ব্যবধানে হারের অভিজ্ঞতাও হয়েছিল। এরপর ১৯৮২ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে কায়েদ-ই-আজম আন্তর্জাতিক কাপে ইরানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলের ব্যবধানে হেরেছিল।

১৯৯৪ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুবাইয়ে ১৯৯৩ সালে সংযুক্ত আরব আমিরাত ৭-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। ওই বছরই বাংলাদেশ জাপানের বিপক্ষে ৮-০ গোলে হারে। এছাড়া ২০১৬ সালে জর্ডানের কাছে ৮ গোল হজম করার রেকর্ডও আছে। 

তবে আজ জাকার্তায় বাংলাদেশ ৯ গোল খেলেও দুটি ফেরত দিয়েছে। শাহরিয়ার ইমন প্রথম গোল পান। এছাড়া ফারহান আলী ওয়াহিদ পান অভিষেক গোল।