পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল

ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর এবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতায় পা রেখেছে সেলেসাওরা। ঐতিহাসিক এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি প্রতিপক্ষ হিসেবে ভারতকে যথেষ্ট সমীহ করার কথা উচ্চারণ করলেন।  

আনচেলত্তির মতে, পানামার বিপক্ষে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের সামর্থ্যের প্রমাণ। বিশ্বকাপে খেলা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত।

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, ভারত ১৩৮তম।

ভারতকে নিয়ে ব্রাজিল কোচের কণ্ঠে সতর্কতা, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ভালো খেলে ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

উল্লেখ্য, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রাফিনিয়া। 

ভারত মূলত ক্রিকেটেরই দেশ। ফুটবল সেখানে সমান জনপ্রিয় না। আনচেলত্তি তাই বললেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়। আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’

আনচেলত্তির কথা, ‘বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সময়টা কঠিন ছিল। তবে নতুন প্রজন্মের জন্য এটি নতুন করে শুরু করার সুযোগ। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এসব ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি। নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগও।’

ভারত কোচ খালিদ জামিল বলেছেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনও কিছুই সম্ভব।’