লিওনেল মেসি নেই। তার ওপর প্রতিপক্ষ দল সময়মতো মাঠে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে শনিবার মাঠে নামার কথা আর্জেন্টিনার। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও নিশ্চিত নয়, প্রতিপক্ষ হিসেবে শেষ পর্যন্ত বুরকিনা ফাসোকে পাওয়া যাবে কি না।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কাল সকাল ৬টায় বুরকিনা ফাসোর বিপক্ষে খেলার কথা। এরপর মঙ্গলবার মেসির বিদায়ী ম্যাচে তাদের প্রতিপক্ষ বেনিন। দুটি ম্যাচই হওয়ার কথা বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে।
জানা গেছে, দক্ষিণ আমেরিকাগামী ভাড়া করা বিমান শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর কয়েক দিন মরক্কোয় আটকে ছিল দলটি।
বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হলেও তাতে অনেক বেশি সময় লাগার পাশাপাশি একাধিকবার ফ্লাইট পরিবর্তনের প্রয়োজন। সেই কারণে কয়েকজন খেলোয়াড় বিকল্প ভ্রমণব্যবস্থা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এতে আর্জেন্টিনার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
তবে শনিবার ভোরে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, বুরকিনা ফাসোর দল আর্জেন্টিনার উদ্দেশে রওনা দিয়েছে এবং ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বুয়েনস এইরেসে পৌঁছানোর কথা রয়েছে।
তবে দলের কয়েকজন সদস্য সফরে যাননি বলে জানা গেছে। তাদের জায়গায় কয়েকজন যুব দলের খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। এই অবস্থায় বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির জন্য পরিস্থিতিটা যে মোটেও আদর্শ নয়, সেটি বলাই যায়।
শেষ পর্যন্ত কোনও কারণে বুরকিনা ফাসো সময়মতো পৌঁছাতে না পারলে কাল সকালে তাদের পরিবর্তে বেনিনের বিপক্ষে খেলার আশা করছে আর্জেন্টিনা। লিওনেল মেসির মঙ্গলবারের বিদায়ী ম্যাচে অংশ নিতে বেনিনের জাতীয় দল ইতোমধ্যে বুয়েনস এইরেসে অবস্থান করছে।