মেসিকে আটকানোর পরিকল্পনাই নেই বেনিনের!

মেসিকে আটকানোর ছক কষতে বসেনি বেনিন! আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির শেষ ম্যাচে বিশ্বসেরা তারকাকে থামাতে আলাদা কোনো পরিকল্পনাও নেই দলটির। বরং মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগটাই উপভোগ করতে চান তারা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বুয়েনস আয়ার্সের রাস্তায় কেনাকাটা করতে দেখা গেছে বেনিনের বেশ কয়েকজন ফুটবলারকে। তাদের মধ্যে ছিলেন ডিফেন্ডার মোহামেদ তিজানিও। সন্তানদের জন্য কেনা আর্জেন্টিনা-থিমের একটি ইয়েরবা মাতে কাপ দেখিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম সিফাইভ-এনের প্রশ্নের মুখোমুখি হন এই সেন্টার-ব্যাক।

মেসি তার কাছে কী? এমন প্রশ্নের উত্তরে তিজানি বলেন, ‘সে বিশ্বের সেরা।’ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা বেনিন কীভাবে মেসিকে আটকাবে, জানতে চাইলে আরও খোলামেলা উত্তর দেন তিজানি,‘আমাদের মেসিকে মার্ক করার দরকার নেই। আমরা এই ম্যাচ উপভোগ করতে যাচ্ছি। মেসিকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমাদের শুধু এই ম্যাচটা উপভোগ করতে হবে, এটাই।’

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও লুকাননি তিজানি। তিনি বলেন, ‘আমি এভাবেই তার দিকে তাকাবো। মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে সে বিশ্বের সেরা।’

তিজানির কথার সঙ্গে একমত বেনিনের দলীয় চিকিৎসকও। সাক্ষাৎকারের মাঝেই তিনি বলে ওঠেন, ‘সে বিশ্বের সেরা! সে ফুটবলের ঈশ্বর!’

উল্লেখ্য, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।