মোহামেডান ও কিংসের বড় জয়

ফেডারেশন কাপ ফুটবলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ও বসুন্ধরা কিংস দারুণ জয় পেয়েছে।  সাদা কালোরা পিছিয়ে থেকে  ৩-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। বসুন্ধরা কিংস জিতেছে আরও বড় ব্যবধানে। তারা ৫-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।

মঙ্গলবার মোহামেডান শুরুতে পিছিয়ে পরে। সুরজ আরামবাগের হয়ে ১৬ মিনিটে গোল করে মোহামেডানকে ব্যাকফুটে ফেলে দেন। ৫৫ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আরামবাগ। বিরতির পর মোহামেডান ঘুরে দাঁড়ায়।

৫৬ মিনিটে সৌরভ দেওয়ান,৭৪ মিনিটে সোহেল রানা ও যোগ করা সময়ে দিয়াবাতে একটি করে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।  বিরতির আগ পর্যন্ত কিংসকে আটকে রেখেছিল ওয়ান্ডারার্স। তবে ড্রেসিং রুম থেকে ঘুরে এসে তাদের ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷ সাব্বির হোসেন একাই ৮৫ ও ৯০ মিনিটে দুই গোল করেন। এর আগে রবসন ৪৭, আলমগীর ৪৯ ও  আব্দুল্লাহ ৬২ মিনিটে একটি করে গোল করেন।

আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-১ গোলে সিটি ক্লাবের সঙ্গে ড্র করেছে।