ফিফা-আসিয়ান কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। জাকার্তায় ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। সেই ফাইনাল দেখতে জাকার্তায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে এক ফাঁকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা হয় তার। এ সময় পরবর্তী আসরে বাংলাদেশকেও যেন আমন্ত্রণ জানানো হয়, সেই অনুরোধ করেন বাফুফে সভাপতি।
বৈঠকে ছেলেদের ও মেয়েদের ফুটবল, বয়সভিত্তিক ফুটবল, নেশন্স লিগ ও ফিফা সিরিজসহ ফুটবল উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এশিয়ার আরও বেশি সংখ্যক দেশকে যুক্ত করতে ভবিষ্যতে ফিফা-স্পন্সরড প্রতিযোগিতার পরিধি বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফা-আসিয়ান কাপে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফার সঙ্গে সহযোগিতা আরও সুদৃঢ় করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন বলে জানা গেছে।