লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব

ম্যাচের বয়স তখন মাত্র ২৪ সেকেন্ড। এরই মধ্যে গোলের দেখা পেয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর একের পর এক গোল, প্রতিপক্ষ গোলরক্ষকের লাল কার্ড এবং এক ম্যাচে তিন গোলরক্ষক খেলার বিরল ঘটনা। সব মিলিয়ে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সাব্বির।

বৃষ্টিভেজা মাঠে ম্যাচ শুরুর ২৪ সেকেন্ডেই এগিয়ে যায় কিংস। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের বাড়ানো ক্রসে বক্সের জটলার মধ্যে থেকে বল জালে পাঠান নেপালি ফরোয়ার্ড মনীশ দাঙ্গি।

পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির। নিজেদের অর্ধ থেকে ইউসুফ আলীর নেওয়া ফ্রি কিক নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ওয়ান্ডারার্স। বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকানোর কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক জসিম উদ্দিন।

বিরতির পর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাব্বির। রবসন রবিনিওর থ্রু বল ধরে এগিয়ে যান তিনি। বক্সের খানিকটা সামনে থেকে দারুণ চিপ শটে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

৬৩ মিনিটে গোলরক্ষক সৌরভ বিক্রমকে তুলে নিয়ে তানভীর আহমেদকে নামান ওয়ান্ডারার্স কোচ আসাদুজ্জামান নুর। এক ম্যাচে তিন গোলরক্ষকের খেলার ঘটনা ফুটবলে বিরলই বটে। তবে গোল হজম থেকে দলকে বাঁচাতে পারেননি তানভীরও।

৬৯ মিনিটে বক্সের ভেতর রাকিবকে ফাউল করেন জোবায়ের আহমেদ। পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে কোনো ভুল না করে ব্যবধান ৪-০ করেন রাকিব।

৮০ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবসন রবিনিও। তাঁর বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

৮৯ মিনিটে রবসনের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। এরপর দুই মিনিটের ব্যবধানে গোলদাতা থেকে জোগানদাতা বনে যান তিনি। ডান প্রান্ত থেকে রাকিবের ক্রসে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সাব্বির। তাতে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।