রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’

নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়কের আক্ষেপ, গোল করার অসাধারণ রেকর্ড থাকা সত্ত্বেও তিনি যে পর্যায়ের পারফরম্যান্স করছেন, তার যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না।

সিএনএনকে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘আমি যে মানের পারফরম্যান্স করছি এবং আমার গোলগুলো যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, মানুষ তা দেয় না।’

পরিসংখ্যান অবশ্য রোনালদোর দাবির পক্ষে কথা বলে। আল নাসরের এই ফরোয়ার্ড ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে করেছেন ৯৮০ গোল।

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য আছে কি না, এমন প্রশ্নে রোনালদো বলেছেন, ‘সবকিছু স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০ গোল করি, কিংবা ৯২৫ বা ৯৩০। ইতিহাসের সেরা খেলোয়াড় আমি, ব্যস, এটাই শেষ কথা।’

নিজের গোলসংখ্যার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটির জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অনিশ্চয়তার কথাও জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে, আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর কোনো অনুপ্রেরণা নেই, আর খেলতে ইচ্ছা করছে না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’