প্যারিসজুড়ে দাঙ্গা-সহিংসতার মধ্যে লুটপাটের শিকার হয়েছে একটি দোকান। সেখান থেকে চুরি গেছে লিওনেল মেসির বার্সেলোনার হয়ে খেলার সময়কার দুটি দুর্লভ স্মারক- একটি স্বাক্ষর করা জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি চুরি করা স্মারক দুটি প্রদর্শন করছেন।
ফরাসি রাজধানীর প্রাণকেন্দ্রে প্লাস দে লা রিপাবলিকের কাছে অরাজক পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। ভিডিওতে হুডি পরা দুই ব্যক্তিকে দোকান থেকে নেওয়া স্মারক দুটি ক্যামেরার সামনে তুলে ধরতে দেখা যায়। মেসির নিজের স্বাক্ষর থাকায় জার্সি ও আর্মব্যান্ড দুটিরই রয়েছে বিশেষ আর্থিক ও আবেগগত মূল্য।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গত ১৮ অক্টোবর এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় ও মুখোশধারী ব্যক্তিরা বার্সেলোনার হয়ে মেসির খেলার স্মৃতিবিজড়িত দুটি প্রদর্শনী সামগ্রী নিয়ে যায়। একদল লোক ফ্রেমে বাঁধানো মেসির স্বাক্ষর করা ম্যাচ জার্সিটি বাইরে নিয়ে আসে।
অন্য একটি ভিডিওতে মেসির স্বাক্ষর করা বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ডটিও চুরি হওয়া সামগ্রীর মধ্যে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার ভাঙচুর ও সহিংসতার সঙ্গে যুক্ত ‘ব্ল্যাক ব্লক’ গোষ্ঠীর সদস্যদের হাতে স্মারক দুটি চলে যায়।
ফুটবল স্মারকের বাজারে মেসির ব্যবহৃত ও স্বাক্ষর করা সামগ্রীর চাহিদা বরাবরই বেশি। তাঁর মতো কিংবদন্তি খেলোয়াড়ের ম্যাচে পরা জার্সি সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয়। সময়ের সঙ্গে এসব স্মারকের মূল্য আরও বাড়তে পারে।
এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির পরা ছয়টি জার্সি নিলামে প্রতিটি ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। সেই নিলাম ক্রীড়া স্মারক বিক্রির বাজারে নতুন রেকর্ড গড়েছিল।