গোল উদযাপনে কোনো সংশয় ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৮২তম গোল করেছেন বলেই উদযাপনে মাতেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু গোলটি আসলেই তার, নাকি প্রতিপক্ষের ডিফেন্ডারের আত্মঘাতী গোল তা নিয়েই এখন বিতর্ক। সৌদি প্রো লিগ রোনালদোকে গোলের কৃতিত্ব দিলেও চারটি বড় ফুটবল পরিসংখ্যান প্ল্যাটফর্ম গোলটি আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করেছে।
শুক্রবার আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে এই বিতর্কের সূত্রপাত। সৌদি প্রো লিগের হিসাবে গোলটি রোনালদোর। কিন্তু অপটা, সোফাস্কোর, ফটমব ও ফ্ল্যাশস্কোরের রেকর্ডে গোলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর আত্মঘাতী গোল। গোলটির ভিডিও রিপ্লে থেকেও অবশ্য বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
রোনালদো কি সত্যিই বল স্পর্শ করেছিলেন?
ম্যাচের ৪৯ মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে। জোয়াও ফেলিক্সের নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের পেনাল্টি বক্সে পৌঁছালে বলের নাগাল পেতে লাফিয়ে ওঠেন রোনালদো। এরপর বলটি জিরোত্তোর গায়ে লেগে জালে ঢুকে যায়।
তবে বিভিন্ন কোণ থেকে দেখা রিপ্লেতে প্রশ্ন উঠেছে, বলটি জিরোত্তোর গায়ে লাগার আগে রোনালদো আদৌ স্পর্শ করেছিলেন কি না। পাওয়া ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিতভাবে বলা কঠিন।
তবে নিজের গোল নিয়ে রোনালদোর মনে কোনো সংশয় ছিল না। ৪১ বছর বয়সী এই তারকা সঙ্গে সঙ্গেই কর্নারের দিকে ছুটে গিয়ে নিজের ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন করেন।
সৌদি লিগের সঙ্গে দ্বিমত চার পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠানের
শুধু অপটা নয়, সোফাস্কোর, ফটমব ও ফ্ল্যাশস্কোরও গোলটি জিরোত্তোর আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত করেছে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, তাদের পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপটা ঘটনাটিকে আত্মঘাতী গোল হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ওই হিসাবে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮১।
অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে সৌদি প্রো লিগ। তাদের আনুষ্ঠানিক ম্যাচ রেকর্ডে গোলটি রোনালদোর নামেই রয়েছে। এমনকি ম্যাচের হাইলাইটস প্রকাশের সময় শিরোনাম দেওয়া হয়েছে, ‘আল নাসরের জয়ে রোনালদোর ৯৮২তম গোল।’
সৌদি সাংবাদিক আলি আল আনজির দাবি, রেফারির আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্টেও গোলটি রোনালদোর নামেই লেখা হয়েছে।
অবশ্য বিতর্কিত গোলের মাত্র তিন মিনিট পর, ৫২ মিনিটে আবারও গোল করেছিলেন রোনালদো। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।
গোলটি বৈধ হলে সৌদি প্রো লিগের হিসাব অনুযায়ী রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হতো ৯৮৩।
তাহলে ৯৮২তম গোলটি কি রোনালদোর?
সৌদি প্রো লিগের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, হ্যাঁ। তবে গোলের কৃতিত্ব নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়।
আক্রমণকারী খেলোয়াড়ের শট যদি গোলের দিকেই যায় এবং ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢোকে, সাধারণত গোলটি আক্রমণকারী খেলোয়াড়ের নামেই দেওয়া হয়। কিন্তু শটটি যদি গোলের বাইরে যায় এবং ডিফেন্ডারের স্পর্শে দিক পরিবর্তন করে জালে ঢোকে, তাহলে সেটিকে সাধারণত আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়।
রোনালদোর এই গোলের ক্ষেত্রে পাওয়া ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না, বলটি জিরোত্তোর গায়ে লাগার আগে তিনি স্পর্শ করেছিলেন কি না। একই সঙ্গে বলের গতিপথও বিতর্কের কেন্দ্রে রয়েছে।
আপাতত সৌদি প্রো লিগ গোলটিকে রোনালদোর ৯৮২তম গোল হিসেবেই স্বীকৃতি দিচ্ছে। ওই হিসাবে ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর ১৮টি গোল। তবে অপটার হিসাব অনুসরণ করলে রোনালদোর গোলসংখ্যা ৯৮১! অর্থাৎ মাইলফলক থেকে তিনি ১৯ গোল দূরে।