এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা রিয়ালের, ছিটকে গেলেন কোর্তোয়া

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় শেষ মুহূর্তে তাকে দল থেকে ছিটকে যেতে হয়েছে।

রবিবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, স্প্যানিশ লিগে রবিবার রাত ২টায় বার্সেলোনার বিপক্ষে অসুস্থতার কারণে কোর্তোয়া খেলতে পারছেন না।

বিবৃতিতে রিয়াল আরও জানায়, কোর্তোয়ার পরিবর্তে গোলরক্ষক ইলিয়া ভলোশিনকে এল ক্লাসিকোর স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। এই সময়ে ১৪ গোল হজম করেছেন তিনি, ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে।

কোর্তোয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের গোলবার সামলানোর কথা ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিনের। 

লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে এল ক্লাসিকোর আগে গোলরক্ষকের এই অনুপস্থিতি রিয়ালের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।