প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা ফুরোচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। শনিবার ঢাকার উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় বাতিল হয়েছে যাত্রা। ফলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না তরুণ এই স্ট্রাইকারের। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পান তিনি।
শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে তার বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে থাকার অনুমতি পেয়ে বাফুফেকে সম্মতি জানান রোনান। তাকে আনতে যুক্তরাষ্ট্র থেকে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল ফেডারেশন। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করতে হয়েছে।
বিষয়টি নিয়ে জাতীয় দলের টিম কো-অর্ডিনেটর আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোনানের আসার কথা থাকলেও আপাতত তাকে দলে পাওয়া যাচ্ছে না। শুনেছি, চোটের কারণে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কম। এখন দেখতে হবে, হামজার মতো পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যায় কি না।’
১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনো তা দেয়নি। কোচ থমাস ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে তার অনুপস্থিতি দলের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
এদিকে দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর আজ সকালে অনুশীলনে ফিরেছে দল।
৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের খেলার কথা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।