সাফে নেই রোনান, কী বলছেন তাবিথ-ডুলি?

সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। যুক্তরাষ্ট্রে নিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আপাতত জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে না উঠতি এই তারকার। তবে রোনানের এই চোটকে তার স্বপ্নের শেষ হিসেবে দেখতে চান না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

তাবিথ জানিয়েছেন, চোট কাটিয়ে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন রোনান। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এটা সত্যি যে, শেষ ম্যাচে সে চোট পেয়েছে। এ কারণে আগামী তিন সপ্তাহ খেলতে পারবে না।’

তবে রোনানের জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমার মনে হয় না স্বপ্ন শেষ হয়ে গেছে। সে খুব শিগগিরই পরবর্তী উইন্ডোতে দলের সঙ্গে যোগ দেবে। আমাদের সামনে এখনো দীর্ঘ পথচলা বাকি।’

রোনানকে সাফে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ টমাস ডুলিও। এ প্রসঙ্গে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘এটা সত্যি। ওকে পাচ্ছি না।’

সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে সাফে তার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো।