ম্যাচ শুরুর ৬ মিনিটে এগিয়ে যায় ঢাকা আবাহনী। সেনেগালের ফরোয়ার্ড কামারা সারবার পাসে বক্সে বল রিসিভ করে প্লেসিং করেন আবাহনীর সাবেক আর্সেনাল মিডফিল্ডার রোহান রিকেটস (১-০)। তবে ৩১ মিনিটে ম্যাচে সমতা আসে। মিডফিল্ডার ফয়সাল আহমেদের ক্রসে বক্সের ডান প্রান্ত থেকে ঢাকা আবাহনীর জালে বল পাঠান কংগোর ফরোয়ার্ড সিও জোনাপিও (১-১)। ৭১ মিনিটে অগ্রগামিতা নেয় রহমতগঞ্জ। মিডফিল্ডার ফয়সাল আহমেদের থ্রু পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন নুরুল আবসার (২-১)।
৮৫ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজুবা বল নিয়ে ঢুকে পড়েন রহমতগঞ্জের বক্সে। তার শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক । কিন্তু ফিরতি বলে রহমতগঞ্জের জালে বল পাঠান কামারা সারবা (২-২)। প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি ঢাকা আবাহনীর।
চার খেলায় আবাহনীর পয়েন্ট ছয়, শেষ খেলায় তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘খ’ থেকে শেষ চার নিশ্চিত করা শেখ রাসেল। এ ম্যাচে তারা ড্র করলে গোল ব্যবধানে তারা খেলবে সেমিতে। আর হেরে গেলে বাদ পড়বে; কারণ সাত পয়েন্ট সংগ্রহে আছে বিজেএমসির।
/আরএম/এফআইআর/