গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেলো স্প্যানিশ ফুটবলারের

ম্যাচের শেষ দিকে গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে শেষ পর্যন্ত বাঁচানো গেলো না স্প্যানিশ ফুটবলারকে। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল।

মঙ্গলবার সকালে ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব টেনেরিফ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘২০২৬ সালের ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টায় হেসুস দে মিগুয়েল আলামেদার মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কষ্ট লাঘব করার মতো কোনো শব্দ নেই, এই গভীর শোক কমানোও সম্ভব নয়। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং টেনেরিফের সমর্থকদের প্রতি আমাদের সমবেদনা। আজ তারা এই ভয়াবহ সংবাদে শোকাহত।’

এফসি অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে গোলরক্ষক হেসুস উওনোর সঙ্গে সংঘর্ষে আহত হন দে মিগুয়েল। গিনির জাতীয় দলের এই গোলরক্ষক নিজের গোলপোস্ট ছেড়ে দ্রুত সামনে এগিয়ে এসে তাকে ফাউল করেন। মাঠের মাঝামাঝি এই ঘটনা ঘটে। ম্যাচের শেষ দিকে দুর্ঘটনার পরপরই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দে মিগুয়েলের। চিকিৎসকেরা তার হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হলেও পরে তার মৃত্যু হয়।