হঠাৎ জামালের জায়গায় তপু অধিনায়ক!

সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠতে বাকি মাত্র ২৪ ঘণ্টা। এর আগেই বাংলাদেশ দলের অধিনায়কত্বে পরিবর্তন। জামাল ভূঁইয়ার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দেখা গেছে তপু বর্মণকে। হঠাৎ এই পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি। তার মতে, নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় দলে অনেক থাকলেও রক্ষণভাগ থেকে দলকে সংগঠিত করার দক্ষতার কারণেই তপুকে বেছে নেওয়া হয়েছে।

ডুলির বিবেচনায়, রক্ষণভাগে এমন একজন খেলোয়াড় থাকা জরুরি, যিনি সতীর্থদের সঙ্গে কথা বলে দলকে সংগঠিত করতে পারবেন। এ কারণে গোলরক্ষকের পরিবর্তে একজন সেন্টারব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডারকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।

তপুকে অধিনায়ক করার কারণ ব্যাখ্যা করে ডুলি বলেন, ‘রক্ষণভাগে এমন একজনকে প্রয়োজন, যিনি কথা বলে দলকে সংগঠিত করতে পারবেন। সে ক্ষেত্রে গোলরক্ষক নয়, একজন সেন্টারব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার অধিনায়ক হলে ভালো হয়। তপুর সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা আছে। সে দলের নেতা এবং সতীর্থদের কাছেও সম্মানিত।’

তবে অধিনায়কের আর্মব্যান্ডই নেতৃত্বের একমাত্র পরিচয় নয় বলে মনে করেন বাংলাদেশ কোচ। তার মতে, দলের একাধিক খেলোয়াড়ই নিজ নিজ জায়গা থেকে নেতৃত্ব দিতে পারেন। মাঠে সতীর্থদের পথ দেখানোই আসল বিষয়।

ডুলি আরও বলেন, ‘আমাদের দলে জামাল, হামজা, তপু, সাদসহ অনেক নেতা আছে। অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও একজন খেলোয়াড় নেতা হতে পারেন। মাঠে সতীর্থদের পথ দেখানোই আসল।’