বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের দায়িত্ব পেলেন ক্রীড়া সংগঠক হাবিব উল্ল্যাহ ডন। সরকার গঠিত ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তিনি। এর আগে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ডন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রাসেদুর রহমান নয়ন। কমিটিতে ছয়জন সহসভাপতি, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৮ জন সদস্য রয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর শরীরগঠন ফেডারেশনের মানোন্নয়ন এবং দেশজুড়ে বডিবিল্ডিং চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন সভাপতি। হাবিব উল্ল্যাহ ডন বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। ফেডারেশনের মানোন্নয়ন ও ভালো কাজের জন্য যে পদক্ষেপ প্রয়োজন, তা গ্রহণ করতে চাই। দেশব্যাপী বডিবিল্ডিংকে ছড়িয়ে দেওয়া আমার অন্যতম লক্ষ্য।’
দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় নতুন কমিটি। এ প্রসঙ্গে ডন বলেন, ‘যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে হবে, দেশে আয়োজন করতে হবে। প্রতিযোগিতা ছাড়া উন্নতি প্রত্যাশা করা যাবে না। আমরা এই কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।’
অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনায় জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথাও জানিয়েছে।