মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সামনে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলেছে পাকিস্তান। প্রথমার্ধে তিন গোল করে মালদ্বীপকে ৩–০ ব্যবধানে হারিয়েছে তারা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে রবিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। তাদের সামলাতে হিমশিম খেয়েছে মালদ্বীপ। ম্যাচের দ্বিতীয় মিনিটে নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে চতুর্থ মিনিটেই পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ।

৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। বক্সের কিনারা থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নাজিব। দূরপাল্লার কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

প্রথমার্ধে পাওয়া তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। মাঠে নামানো হয় দলের তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তাতেও গোলের দেখা পায়নি তারা।

৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৭১ মিনিটে পাকিস্তানের বদলি ফরোয়ার্ড শায়ক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।

ভারতের কাছে প্রথম ম্যাচে ৩–২ গোলে হারের পর এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। অন্যদিকে সমীকরণে চাপে পড়েছে মালদ্বীপ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ হারলে বিদায় ঘন্টা বাজতে পারে মালদ্বীপের।