‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’

বাংলাদেশ ফুটবল দলের খেলা মানেই সমর্থকদের বাড়তি উন্মাদনা। বিশেষ করে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলাররা দলে থাকায় দর্শকদের আগ্রহও বেড়েছে কয়েক গুণ। প্রিয় দলের খেলা দেখতে এবারও গ্যালারিতে উপচে পড়া ভিড়ের অপেক্ষা। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই জাতীয় স্টেডিয়ামে আসতে শুরু করেছেন সমর্থকরা।

হামজা-ফারহানদের খেলা সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। তাই শনিবার দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়ামে হাজির হচ্ছেন দর্শকরা। গ্যালারিতে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তাদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস।

জাতীয় স্টেডিয়ামে দর্শকদের এমন আগ্রহ বাংলাদেশের ফুটবলের জন্যও ইতিবাচক বার্তা। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে সমর্থকদের উপস্থিতিও দলকে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা।

যেমন বেসরকারি একটি ব্যাংকে কর্মরত আয়শা সিদ্দিকা বর্ষা স্বামী নাদিম হাসান রোহানকে নিয়ে এসেছেন খেলা দেখতে। ঢাকার মাঠে প্রথমবার সরাসরি খেলা দেখতে এসে দারুণ রোমাঞ্চিত তিনি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই প্রথম মাঠে এসেছি খেলা দেখতে। এত দিন দেখবো দেখবো করে খেলা দেখা হয়নি। আজ সুযোগ পেয়ে চলে এসেছি। হামজার বাংলাদেশ আজ জিতবে, এমনটাই প্রত্যাশা।’

সাফের সেমিফাইনালে উপস্থিত দর্শকরা।তার পাশে থাকা গৃহিণী ফারজানা নাজনীনও উচ্ছ্বসিত। বললেন, ‘বাংলাদেশ ফুটবল দল কিছুদিন ধরে ভালো পারফরম্যান্স করছে। বিশেষ করে হামজা চৌধুরী আসার পর খেলায় পরিবর্তন এসেছে। এমনিতে আমি বাবার হাত ধরে এই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। তাও অনেক বছর আগে। এবার প্রথমবার ফুটবল ম্যাচ দেখবো। অনেক ভালো লাগছে।’

বাবার হাত ধরে খেলা দেখতে এসেছেন স্কুলপড়ুয়া রেহান রিজওয়ান। বাংলাদেশের ম্যাচ দেখতে এসে দারুণ খুশি তিনি। বলেছেন, ‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি। আশা করছি, বাংলাদেশ ফাইনালে খেলবে। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে চার গোল দিয়েছিল বাংলাদেশ। আজও ভালো কিছু হবে। আমরা জিতবো।’

হামজা-জামালদের খেলা দেখতে যশোর থেকে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান সাব্বির। এত আগে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘যশোর থেকে রওনা হয়েছিলাম। অনেক আগেই এসে পড়েছি। বাংলাদেশের ওয়ার্মআপও দেখার ইচ্ছা আছে। বাংলাদেশ ফাইনালে উঠলে ভারত কিংবা ভুটানের সঙ্গে খেলবে। তাদের সেমিফাইনালটাও তাই দেখতে আগেভাগেই গ্যালারিতে যাচ্ছি।’

বাংলাদেশের পতাকা কিনছেন কিছু দর্শক।জাতীয় ক্রীড়া পরিষদের সামনের গেটে বাংলাদেশের জার্সি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। অনেক সমর্থক দরদাম করছেন। শার্ট বা অন্য পোশাকে এলেও বাংলাদেশের জার্সি পরে গ্যালারিতে উৎসব করতে চান অনেকে।

সবার প্রত্যাশা, ২০০৫ সালের পর বাংলাদেশ আবারও সাফের ফাইনালে জায়গা করে নেবে।