নারী ফুটবল বিশ্বকাপের পরবর্তী দুই আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। ২০৩১ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। আর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যে। সোমবার ফিফার সদস্য সংস্থাগুলোর সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে আয়োজক দেশগুলোর নাম।
দুই আসরের আয়োজক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো বিড ছিল না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ২০৩১ সালের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার দেশের যৌথ প্রস্তাবই ছিল একমাত্র। একইভাবে ২০৩৫ সালের জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের যৌথ বিডও ছিল একমাত্র প্রস্তাব। ফলে সদস্য সংস্থাগুলোর সম্মতির ভিত্তিতে আয়োজক নির্ধারণ করা হয়।
২০৩১ সালের আসর থেকেই প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। একই সঙ্গে চারটি দেশ মিলে আয়োজন করবে টুর্নামেন্টটি। ইনফান্তিনো বলেন, ‘২০৩১ সাল থেকে ৪৮টি দল এবং চারটি আয়োজক দেশ থাকবে। কয়েক বছরের ব্যবধানে এটি অবিশ্বাস্য অগ্রগতি।’
এর আগে গত বছরই ইনফান্তিনো জানিয়েছিলেন, ২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপের জন্য জমা পড়া বিড দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আয়োজক হওয়ার পথে রয়েছে। সোমবারের সভায় সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিক রূপ পেয়েছে।
আগামী বছর ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের পরবর্তী আসর। ২৪ জুন শুরু হয়ে ২৫ জুলাই শেষ হবে ৩২ দলের এই প্রতিযোগিতা। ফাইনাল হবে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল স্পেন। ফাইনালে তারা হারিয়েছিল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।