টুপি গিলে প্রাণ হারানো ফিওনার জন্য দর্শকপ্রতি অনুদান দেবে মেসিদের লিগের ক্লাব

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া জলহস্তী ফিওনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে। এবার প্রাণীটির স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এফসি সিনসিনাটি। আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে এমএলএস কাপ প্লে-অফ ম্যাচের আগে ফিওনাকে উৎসর্গ করে বিশেষ টিফো প্রদর্শন করবে ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে জন্ম নেওয়া ফিওনা স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়েও অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছিল। গত বৃহস্পতিবার সিনসিনাটি চিড়িয়াখানায় তার মৃত্যু হয়। চিড়িয়াখানার খাঁচায় পড়ে থাকা একটি শিশুর টুপি গিলে ফেলার পর সৃষ্ট শারীরিক জটিলতায় প্রাণ হারায় নীল নদের এই জলহস্তী।

২০১৭ সালে সিনসিনাটি চিড়িয়াখানায় জন্মের পর থেকেই আলোচনায় আসে ফিওনা। নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগেই জন্ম হয়েছিল তার। বেঁচে থাকার সম্ভাবনাও ছিল কম। কিন্তু সব আশঙ্কা পেছনে ফেলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

ফিওনাকে ঘিরে স্থানীয়দের ভালোবাসা কতটা গভীর ছিল, তার প্রমাণ মিলেছিল ২০১৭ সালেই। স্থানীয় আইসক্রিম প্রতিষ্ঠান গ্রেটার্স তার নামে সীমিত সংস্করণের একটি আইসক্রিম বাজারে আনে। নাম দেওয়া হয়েছিল ‘চাঙ্কি চাঙ্কি হিপো’।

এফসি সিনসিনাটি এক বিবৃতিতে বলেছে, ‘ফিওনা সিনসিনাটির প্রতীকে পরিণত হয়েছিল। বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিল।’

ফিওনার মৃত্যুর দিন অরল্যান্ডোর বিপক্ষে ৩-১ গোলে জেতে এফসি সিনসিনাটি। সেই ম্যাচে গোল করে জলহস্তীটিকে স্মরণ করেন দলের ডিফেন্ডার নিক হ্যাগলুন্ড। গোলের পর ‘এটা ফিওনার জন্য’ বলে মাথার ওপর দুই হাত দিয়ে জলহস্তীর কানের ভঙ্গি করেন তিনি।

ফিওনার স্মৃতির প্রতি সম্মান জানাতে শনিবার টিকিউএল স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেক দর্শকের পক্ষ থেকে সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে অনুদান দেবে এফসি সিনসিনাটি।