ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল পেপ গার্দিওলাকে। বিষয়টি নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানালেন স্প্যানিশ এই কোচ। ইতালির মতো দলের দায়িত্ব নিতে না পারায় বিব্রত বোধ করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন কোচিং করানোর পর নিজের জন্য কিছুটা সময় প্রয়োজন ছিল বলে জানিয়েছেন গার্দিওলা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা জানান, ইতালির কোচ হওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) হয়ে পেপের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাওলো মালদিনি ও লিওনার্দো।
গার্দিওলা বলেন, ‘এ বিষয়ে এই প্রথম কথা বলছি। হ্যাঁ, তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ইতালির মতো একটি দেশকে না বলতে আমার বিব্রত লাগছিল। ইতালির জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান হতে পারত। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, তখন আমার বিরতি নেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘দুই বছর আগে তারা প্রস্তাব দিলে হয়তো রাজি হয়ে যেতাম। কিন্তু পাওলো মালদিনি ও লিওনার্দো যখন যোগাযোগ করলেন, তখন আমার থামার সময় হয়ে গিয়েছিল। ১৮ বছর ধরে কোচিং করাচ্ছি। প্রতি তিন দিন পরপর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ একই ব্যস্ততা। একটা সময় এসে মনে হয়, এবার একটু থামতে হবে।’
ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সফল অধ্যায় শেষে ২০২৬ সালে দায়িত্ব ছাড়েন গার্দিওলা। ইংলিশ ক্লাবটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য।
তবে কোচিংয়ে ফেরার বিষয়ে এখনই কোনও সময়সীমা ঠিক করেননি ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ। তার কথায়, ‘সত্যি বলতে, জানি না। এখন আমি ভালো আছি। যদি কখনও ফিরি, তাহলে নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করলেই ফিরব। কেউ আমাকে চাইলে এবং আমারও ভালো লাগলে তখন সিদ্ধান্ত নেবো।’
ভবিষ্যতে জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন গার্দিওলা। তার ভাষায়, ‘যে দলটির কোচ কখনও হইনি, কিন্তু হতে চেয়েছি, সেটি হলো জাতীয় দল। আমার মনে হয়, এটাই হবে পরবর্তী ধাপ।’
এদিকে, গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইতালির কোচের দায়িত্বে ফিরেছেন রবার্তো মানচিনি। অন্যদিকে গার্দিওলার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ফুটবল বিশ্বে কৌতূহল থাকলেও আপাতত বিরতিতেই সন্তুষ্ট তিনি।