মেসিকে ফোনই করেননি গার্দিওলা, কেন?

লিওনেল মেসিকে আবার নিজের অধীনে পেতে চাইলেই পারতেন পেপ গার্দিওলা। বার্সেলোনার বাইরে অন্য কোনো ক্লাবে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টাইন মহাতারকাকে দলে টানার সুযোগও ছিল তাঁর সামনে। কিন্তু কখনোই সে পথে হাঁটেননি স্প্যানিশ কোচ। কেন? কারণ, মেসিকে বার্সেলোনাতেই দেখতে চেয়েছিলেন তিনি। অর্থনৈতিক কিংবা ফুটবলীয় কোনো কারণ নয়, বার্সেলোনার প্রতি নিজের ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন গার্দিওলা।

ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর পডকাস্ট ‘রোমারিও টিভি’-তে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ। ১৯৯৩-৯৪ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন রোমারিও ও গার্দিওলা। তখন ইয়োহান ক্রুইফের ঐতিহাসিক ‘ড্রিম টিম’-এর সদস্য ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মেসিকে নিজের কোনো দলে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না, এমন প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘আমি কখনোই তাকে ফোন করিনি। আমি বার্সেলোনার সমর্থক। আমি চাইতাম, সে সেখানেই থাকুক।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর বার্সেলোনায় একসঙ্গে কাজ করেছেন গার্দিওলা ও মেসি। সেই সময়ে মেসিকে ঘিরেই নিজের ফুটবল পরিকল্পনা সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। দুজনের হাত ধরে বার্সেলোনা জিতেছে ১৪টি শিরোপা। তার মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ। ২০০৯ সালে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জিতে ইতিহাসের প্রথম দল হিসেবে ‘সেক্সটেট’ পূর্ণ করে বার্সেলোনা।

শুধু শিরোপা জয়ের কৃতিত্ব নয়, মেসির মানসিকতারও প্রশংসা করেছেন গার্দিওলা। আর্জেন্টিনার সাবেক অধিনায়কের জয়ের ক্ষুধাকে অন্যদের চেয়ে আলাদা মনে করেন তিনি। গার্দিওলার ভাষায়, ‘অনুশীলনে একটি ম্যাচও হেরেছে বলে আমার মনে পড়ে না।’

মেসির এই মানসিকতার সঙ্গে কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের মিলও খুঁজে পেয়েছেন গার্দিওলা। জর্ডানের ক্যারিয়ার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য লাস্ট ড্যান্স’ দেখার পর তার এমন উপলব্ধি হয়েছে বলে জানান স্প্যানিশ কোচ।

গার্দিওলা ২০২৬ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন। ইংলিশ ক্লাবটিতে টানা ১০ মৌসুম কাটানোর পর আপাতত কোচিংয়ের বাইরে আছেন তিনি। ফুটবলে পরবর্তী গন্তব্য কী হবে, তা এখনো জানাননি। আবার কোচিংয়ে ফেরার সম্ভাবনা নিয়ে তার কথা, ‘যদি কখনো ফিরি, তাহলে সেটা হবে আমার ভেতরের তাগিদ থেকে এবং কেউ আমাকে ভালোবাসে বলে। তবে অনেক বছর কেটে গেছে, অনেক ম্যাচ খেলেছি।’