চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ভেন্যু তালিকা থেকে আপাতত বাদ পড়ছে গোপালগঞ্জ। জেলার বর্তমান পরিস্থিতিতে খেলা আয়োজন কঠিন হওয়ায় সেখানে আপাতত কোনও ম্যাচ না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গোপালগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ ও ময়মনসিংহ ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
গোপালগঞ্জ ছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের হোম ভেন্যু। বিকল্প হিসেবে এই দুই ক্লাবকে মানিকগঞ্জ অথবা ময়মনসিংহের মধ্যে একটি ভেন্যু বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে বাফুফে। দুই ক্লাবই নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এরই মধ্যে আরামবাগ ক্রীড়া সংঘ ময়মনসিংহ ভেন্যু বেছে নিয়েছে। ব্রাদার্স ইউনিয়ন এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপালগঞ্জের চলমান অস্থিরতার কারণে সেখানে খেলা চালানো কঠিন। আমরা এরই মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও অনেকটা অপারগতা প্রকাশ করেছে। তাদের বক্তব্য, এই মুহূর্তে সেখানে খেলা আয়োজন না করাই ভালো।’
তিনি আরও বলেন, ‘সবকিছু বিবেচনা করে আপাতত গোপালগঞ্জে বাংলাদেশ ফুটবল লিগের কোনও ম্যাচ রাখছি না। অন্য দুটি ভেন্যুতে খেলা সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে আবারও খেলা আয়োজন করা হবে।’
গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত ভেন্যু পরিবর্তন করলেও ভবিষ্যতে সেখানে লিগের ম্যাচ আয়োজনের সম্ভাবনা খোলা রাখছে বাফুফে।