হকিতে উত্তেজনার ম্যাচে ড্র করলো আবাহনী-মোহামেডান

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির হাই-ভোল্টেজ ম্যাচে ড্র করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। টানটান উত্তেজনার ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে।
রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় দুই দলই পিছিয়ে পড়ে আবার খেলায় ফিরে আসে। গোলের সুযোগও নষ্ট করে দুই দল। যার প্রভাব পড়ে গ্যালারিতে। দুই দলের সমর্থকদের মাঝে হাতাহাতি থামাতে বেশ কয়েকবার উদ্যোগ নিতে হয় আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীকে।
এদিন আক্রমণ পাল্টা-আক্রমণে খেলার সূচনা জমেও উঠলেও মোহামেডান তাদের নিয়ন্ত্রিত আগ্রাসনে তুলে নেয় খেলার প্রথম গোল। দুই পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টো ও সালমান হোসেন এবং রাসল মাহমুদ জিমির স্টিকওয়ার্কে চাপর মুখে ছিল আবাহনী রক্ষণভাগ। সাত মিনিটে জিমির স্কয়ার পাসে পোস্ট থেকে এক ফিট দূরে দাঁড়ানো রুবেল হোসেন পোস্টে পুশ করতে ব্যর্থ হন। পরের মিনিটেই ম্যাচের প্র্রথম পেনাল্টি কর্নার পায় মোহামেডান। অল পাকিস্তানি কম্বিনেশনে অগ্রগামিতা নিয়ে নেয় সাদা কালো শিবির। সালমান হাসান, তাসওয়ার আব্বাসের পুশ স্টপের পর মো. ইমরান গতানুগতিক ড্র্যাগ বা হিট না করে বল আবার পাঠিয়ে দেন তাসওয়ার আব্বাসের কাছে। আলতো পুশে বল বোর্ডে লাগিয়ে দেন তিনি।

গোল হজম করে দমে যায়নি আবাহনী। মাঝমাঠ থেকে লম্বা পাওয়ারের ওপর নেওয়া পাসে মোহামেডানের ডিফেন্সের গ্যাপ খুঁজে বের করার কৌশল সফল হয় আবাহনীর। রোম্মান সরকারের নেওয়া হিট মোহামেডান ডিফেন্ডার চন্দন ঠকমতো ক্লিয়ার করতে না পারার কারণে পেনাল্টি কর্নার পায় আবাহনী। শাফকাত রাসুল, বিপ্লব তৌশিক আরশাদের কম্বিনেশনে সমতা আনে আবাহনী। মাত্র চার মিনিট স্থায়ী ছিল মোহামেডানের লিড।

গোল করার পর উল্টো চিত্রের দেখা মেলে; আধিপত্য নিয়ে নেয় আবাহনী। শাফকাত রাসুল, তৌসিক আরশাদ ও রোম্মান সরকারের স্টিকওয়ার্ক মাঝ মাঠের নিয়ন্ত্রন এনে দেয় আবাহনীকে। এরই ধারাবাহিকতায় ২৮ মিনিটে মো. ইরফানের করা আরেকটি লং হিট খুঁজে পায় শাফকাত রাসুলকে। আর্চের বাম প্রান্ত থেকে জোরালো রিভার্স হিটে তিনি বল আছড়ে ফেলেন বোর্ডে।

দ্বিতীয়ার্ধের ১২ বা খেলার ৪৭ মিনিটে সমতা আনে মোহামেডান। পেনাল্টি কর্নারের বৈচিত্র্যের ফসল ছিল এটি। সালমান যে পুশটি নেন তা স্টপ করেননি কেউই; তাসওয়ার আব্বাস বল রিসিভ করেন এবং জায়গা করে নিয়ে জোরালো হিটে করেন মোহামেডানের দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আবাহনী গোলরক্ষক অসিম গোপকে একা পেয়েও বল তার প্যাডে মারেন। আবাহনীও ৬২ মিনিটে তৌসিক আরশাদের হিটে পোস্টের খুব কাছে থেকে পুশ করতে পারেননি দলটির পাকিস্তানি ফরোয়ার্ড শাকিল আব্বাসি। ৬৮ মিনিটে হংকংয়ের আম্পায়ার থালেদ মোহামেডানকে একটি পেনাল্টি কর্নার দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। আর এরপরেই ঘটে বিপত্তি; উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। খেলা বন্ধ থাকে প্রায় ২৫ মিনিট। পরে হকি ফেডারেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা শুরু হয়। বাকি দুই মিনিটে আর কোনও গোল হয়নি।

এখন পর্যন্ত পাঁচ খেলায় মোহামেডানের সংগ্রহ ১৩ পয়েন্ট আর আবাহনীর ১১। 

/আরএম/এফআইআর/