মাঠে নামার কিছুক্ষণ আগে কিট ব্যাগ তন্নতন্ন করে খুঁজেও রোমান তার জার্সি খুঁজে পেলেন না। কারণ জার্সি ছাড়াই মাঠে এসেছিলেন তিনি। এই খামখেয়ালির কারণেই শুরুতে মাঠে নামতে পারেননি তিনি। হোটেল থেকে জার্সি আনার পরই তাকে দেখা গেছে মাঠে। পেশাদার হকি খেলোয়াড় হিসেবে এমন ভুল অমার্জনীয় বটে।
ভুলটা অন্য কারও নয়, এই হকি খেলোয়াড়েরই। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর ২-৩ দিন আগেই সব খেলোয়াড়দের যাবতীয় কিট বুঝিয়ে দেন দলের ম্যানেজার। রোমানকেও বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ভুল করেই তার জার্সি ব্যাগে ভরেননি। যার খেসারত কিছুটা হলেও দিতে হয়েছে দলকে!
রোমানের এমন হেয়ালিপনায় বিরক্ত হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘একজন খেলোয়াড় (রোমান সরকার) জার্সি নিয়ে আসেনি, এটা সত্যিই দুঃখজনক। পরবর্তীতে জার্সি এনে তাকে শেষ দিকে মাঠে নামানো হলো। একজন ম্যানেজার হিসেবে আমার পক্ষে প্রত্যেকের ব্যাগ পরীক্ষা করা সম্ভব নয়। ভুলবশত সে এটা নিয়ে আসেনি। এটা হয়তো তার জন্যও একটা শিক্ষা। আশা করি ভবিষ্যতে কেউই এ ধরনের ভুল করবে না।’