এএইচএফ কাপ হকিতে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে বাংলাদেশের। একবার ২০১২ সালে, আরেকটি ২০১৬। রাসেল মাহমুদ জিমি-ফয়সাল আহমেদ শিতুলদের সামনে এবারও শিরোপা জয়ের স্বপ্ন। তবে চীন-ওমানের উপস্থিতিতে ব্যাপারটা যে চ্যালেঞ্জিং, তা সহজেই অনুমেয়।
আগামী ১১ থেকে ১৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এএইচএফ কাপ টুর্নামেন্ট। এশিয়া কাপ হকির এই বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দল অনুশীলনও শুরু করে দিয়েছে।
এবার ১০টি দলের অংশগ্রহণ থাকছে। এর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চীন ও ওমান রয়েছে। তাই বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি আগেভাগেই সতর্ক। এবারও কি বাংলাদেশ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে পারবে? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘সবশেষ টুর্নামেন্টে চীন ছিল না। এবার চীনের পাশাপাশি ওমানের মতো ভালো দলও রয়েছে। চীন-ওমানকে হারিয়ে আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন।’
বাছাই পর্ব থেকে তিনটি দল খেলবে এশিয়া কাপে। গোপিনাথন অবশ্য আগে চূড়ান্ত পর্বে খেলাটাই নিশ্চিত করতে চাইছেন, ‘আমরা চাইবো আগে এশিয়া কাপে খেলাটা নিশ্চিত করতে। তারপর অন্য কিছু ভাববো।’
২০১৮ সালের এশিয়ান গেমসে ওমানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই সময় গোপিনাথন-ই কোচ ছিলেন। আর চীন তো পরীক্ষিত শক্তি। তবে যেই দলই সামনে আসুক না কেন, বাংলাদেশ দল বুক চিতিয়ে লড়বে বলে গোপিনাথনের বিশ্বাস। সেই লক্ষ্য রেখেই বিকেএসপিতে প্রস্তুতি শুরু হয়েছে। তবে অল্প দিনের প্রস্তুতিতে সর্বোচ্চটা দেওয়ার প্রস্তুতি থাকলেও গোপিনাথনের প্রত্যাশা ছিল আরেকটু বেশি, ‘হাতে যে সময় আছে, তা মোটেও আদর্শ নয়। তবে এই সময়ে দলকে সর্বোচ্চ ফিট রেখে টার্ফে লড়াই করতে হবে। এছাড়া কিছু করার নেই।’